বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘আন্তঃর্জাতিক সাহসী নারী পুরস্কার’ (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড-২২) পাচ্ছেন। গত ৮ মার্চ দেশটির স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ১৪ মার্চ একটি ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ড. জিল বাইডেন বক্তব্য রাখবেন বলে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এ বছরের পুরস্কারপ্রাপ্ত বিশে্বর ১২ নারীর তালিকায় রিজওয়ানা হাসানের নাম প্রথমেই রয়েছে।
রিজওয়ানা হাসানের বিষয়ে বলা হয়েছে যে, তিনি একজন বাংলাদেশি আইনজীবী। পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার রক্ষায় সাহসী নেতৃত্ব দিয়েছেন তিনি। গত ২০ বছর ধরে যুগান্তকারী আইনি মামলার মাধ্যমে তিনি বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা পরিবর্তন করে পরিবেশগত ন্যায়বিচারের ওপর জনকেন্দ্রিক দৃষ্টি নিবদ্ধ করেছেন। জনস্বার্থ আইন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং জিতেছেন।
২০০৯ সালে রিজওয়ানা টাইম ম্যাগাজিনের বিশ্বের ৪০ জন এনভায়রনমেন্টাল হিরোর একজন হিসেবে মনোনীত হন এবং ২০১২ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। শক্তিশালী মহলের প্রতিরোধ ও নিজের এবং পরিবারের প্রতি সহিংসতার হুমকি সত্ত্বেও বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে আদালতে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বা ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। বিশ্বজুড়ে সেসব নারীকে এ পুরস্কার দেওয়া হয় যারা বিশ্বব্যাপী নেতৃত্ব, সাহসিকতা, দক্ষতা এবং অন্যদের জন্য আত্মত্যাগের নজির রেখেছেন।
রিজওয়ানা ছাড়াও এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন ব্রাজিলের সিমোন সিবিলিও দো নাসিমেন্তো, মিয়ানমারের ই থিনজার মং, কলম্বিয়ার জোসেফিনা ক্লিঞ্জার জোনিগা, ইরাকের তাইফ সামি মোহাম্মদ, লাইবেরিয়ার ফ্যাসিয়া বোয়েনোহ হ্যারিস, লিবিয়ার নাজলা মাঙ্গোশ, মলদোভার ডোইনা ঘেরমান, নেপালের ভূমিকা শ্রেষ্ঠা, রোমানিয়ার কারমেন গেওর্গে, দক্ষিণ আফ্রিকার রোয়েগচান্দা পাস্কো ও ভিয়েতনামের ফুমওয়ান ট্রাং।