৬৮ জনকে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন পদে ৬৮ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার এ-সংক্রান্ত পৃথক রিট আবেদনের ওপর দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ পৃথক রায়ে এ নির্দেশ দেয়।

এর মধ্যে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোরকিপার পদে ৪৩ জনকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় এবং চতুর্থ শ্রেণির পদে ২৫ জনকে ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে।

আদালতে ৪৩ জনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মিজানুর রহমান। অ্যাডভোকেট মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, ২০১২ সালের নভেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোরকিপার পদে ৪৩ আবেদনকারী নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু অনিয়মের মাধ্যমে তাদের পরিবর্তে অকৃতকার্যদের নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগকে অবৈধ উল্লেখ করে ২০১৯ সালে রিট করেন ৪৩ নিয়োগপ্রার্থী।ওই বছরের ২৮ এপ্রিল রুল দেওয়া হয়। রুলের শুনানি শেষে গতকাল এ রায় হলো।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন চতুর্থ শ্রেণির পদে ২৫ জনের রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্‌ মিয়া। তিনি জানান, আবেদনকারীরা চতুর্থ শ্রেণির পদে নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি। এখানে যে কোনো অনিয়ম হয়নি সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরও কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে ২৫ জনকে ৬টি জেলায় ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত।