বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হামলায় এক নার্স আহতের অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
নার্সরা নিজেদের কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন এবং এই হামলার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সেস এসোসিয়েশনের নেতারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।
জানা গেছে, গভীর রাতে বরিশাল নগরের রুপাতলী উকিল বাড়ি সড়কের উল্টো দিকে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় তাকে উদ্ধার করে অন্য পুলিশ সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালে তুচ্ছ বিষয় নিয়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সঙ্গে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের কর্মস্থলেও নিরাপদ নই। আমাদের উপর হামলা চালানো হচ্ছে অতর্কিতভাবে। আমাদের ব্রাদার সাইফুলকে বেধড়ক মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমরা সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছি, পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, পুরো বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে রাতে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে বিষয়টি খোঁজ নিয়ে আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।