ঝিনাইদহের শৈলকুপার উপজেলার মাইলমারী গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর শ্মশান ঘাটে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে শৈলকুপা থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামি আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বর ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে (অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডে) দণ্ডিত করা হয়।
এ মামলায় ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয় আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইসমাইল হোসেন। আসামি পক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী কামরুল আবেদিন শাহিন।
আসামিদের আইনজীবী বলেন, এ রায়ে আমরা খুশি না। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবো।