বেশি স্ক্রিনটাইমে চোখের ক্ষতি এড়াতে

নানা কারণে আমরা দীর্ঘসময় মোবাইল, কম্পিউটার ব্যবহার করছি। অনেকক্ষণ ধরে মোবাইল ও মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় এ থেকে বের হওয়া রশ্মি আমাদের চোখের নানা ক্ষতি করে। প্রায় দুবছর ধরে চলছে করোনা মহামারী। এ সময় বাইরে বের হওয়া কমে গিয়ে ডিভাইস ব্যবহারের প্রবণতা আরও বেড়েছে। এতে চোখের পাওয়ারের তারতম্য, মাথাব্যথা, চোখে যন্ত্রণা, চোখ দিয়ে পানি পড়ার মতো নানান সমস্যা বেড়েছে। জেনে রাখুন, চোখ ভালো রাখার কিছু উপায়

বিরতি : কাজ করার সময় একভাবে কখনই ল্যাপটপ বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। মাঝেমধ্যে অন্য দিকেও তাকাতে হয়, যাতে চোখও একটু আরাম পায়। কাজের ফাঁকে ফাঁকে চোখকে আরাম দিতে একটু জানালার বাইরে তাকান। ছাদ থাকলে ঘুরে আসুন। দূরে তাকান।

বিশেষ চশমা : কম্পিউটার, ল্যাপটপের সামনে কাজ করার সময় নির্গত অতিবেগুনি রশ্মি থেকে নিজের চোখকে রক্ষা করার জন্য ব্লু কোটিং-যুক্ত চশমা পরুন। এতে চোখের ক্ষতি অনেক কম হয়।

স্ক্রিন থেকে দূরত্ব : ল্যাপটপ, কম্পিউটার স্ক্রিন থেকে ২২-২৪ ইঞ্চি দূরত্ব রেখে কাজ করুন। খুব কাছে এনে দেখবেন না।

চোখের ড্রপ : কাজ করার সময় চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো চোখের ড্রপ ব্যবহার করুন।

চোখ ধোয়া : কাজের ফাঁকে মাঝেমধ্যেই চোখে পানির ঝাপটা দিয়ে হালকা করে ধুয়ে নিন, এর ফলে চোখে অনেকটা শান্তি বোধ হবে।

এছাড়া পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।