জামিনে এসেই মামলা তুলে নিতে আসামির হুমকি

পটুয়াখালীর দুমকিতে প্রকৌশলীকে মারধরের মামলার আসামি বেরিয়ে এসে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দিন তার জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে প্রকৌশলী নাজিম উদ্দিন বলেন, ‘গত ৫ মার্চ সকালে উপজেলা প্রকৌশল অফিসে ঢুকে পাঙ্গাশিয়ার একটি সেতু নির্মাণকাজের বিল পরিশোধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার গোলাম সরোয়ার বাদল আমাকে মারধর করে। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় বুধবার জামিনে এসে আমার বাবাকে ফোন করে সরকারি জনতা কলেজে ডেকে নিয়ে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন।’

এ বিষয়ে ঠিকাদার গোলাম সরোয়ার বাদল বলেন, ‘কাউকে হুমকি দিইনি। প্রকৌশলী নাজিম উদ্দিনের বাবার সঙ্গে কলেজে দেখা হলে শান্তভাবে মামলার ঝামেলা মিটিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়েছি মাত্র।’