আখাউড়া আ.লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

প্রায় ১০ বছর পর আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সম্মেলনকে স্বাগত জানিয়ে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ করেছেন নেতাকর্মীরা। লাগানো হয়েছে ফেস্টুন, ব্যানার। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পোস্টার শোভা পাচ্ছে শহর জুড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১২ মার্চ সকালে উপজেলা পরিষদ মাঠে সম্মেলন হবে। এজন্য প্রায় ২০ হাজার নেতাকর্মীর বসার জন্য বিশাল প্যান্ডেল করা হয়েছে। সম্মেলনে স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।