মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দূতাবাস ওয়াশিংটনের কাছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের ‘চরমপন্থী কার্যক্রম’ বন্ধ করার দাবি জানিয়েছে। মেটা সাময়িকভাবে রাশিয়ান সামরিক বাহিনী এবং নেতৃত্বের বিরুদ্ধে সহিংসতা চালানোর আহ্বান প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
তার মানে এখন ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহার করে লোকে রুশ সেনা ও রাশিয়ান নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের বিষোদ্গার করতে পারবে, ঘৃণা ছড়াতে পারবে ও সহিংসতায় উস্কানি দিতে পারবে। আর মেটা সেসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না।
মেটা সাময়িকভাবে রাশিয়া, ইউক্রেন এবং পোল্যান্ড সহ কয়েকটি দেশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যুর আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ার অনুমতি দিচ্ছে।
রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘মেটার আক্রমণাত্মক এবং অপরাধমূলক নীতি যা রাশিয়ানদের প্রতি ঘৃণা ও শত্রুতাকে উস্কে দিচ্ছে তা নিন্দনীয়। কোম্পানিটির কর্মকাণ্ড আমাদের বিরুদ্ধে ঘোষিত নিয়ম ছাড়াই তথ্য যুদ্ধের আরেকটি প্রমাণ’।
রুশ দূতাবাস বলেছে যে, তারা মার্কিন কর্তৃপক্ষের মাধ্যমে ‘মেটার চরমপন্থী কার্যক্রম বন্ধ করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে চায়’।