রাশিয়ার পক্ষে লড়তে প্রস্তুত ১৬ হাজার বিদেশি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাযোদ্ধাদের জন্য সবুজ সংকেত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ ধরনের যোদ্ধাদের ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে ডনবাস অঞ্চলে নিয়ে যেতে সম্মতি দিয়েছেন তিনি। এদিন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাযোদ্ধা ইউক্রেনে গিয়ে রুশ-সমর্থিত বাহিনীর সঙ্গে লড়তে প্রস্তুত। এ বিষয়ে পুতিন বলেন, যদি দেখেন, এমন লোক রয়েছে যারা অর্থের জন্য নয়, স্বেচ্ছায় ডনবাসে বসবাসকারীদের সাহায্য করতে আসতে চায়, তাহলে আমাদের উচিত তাদের সেই ইচ্ছা পূরণ করা ও সংঘাতপূর্ণ অঞ্চলে যেতে সাহায্য করা। এদিন রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও প্রস্তাব করেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হস্তগত হওয়া পশ্চিমাদের তৈরি জ্যাভেলিন ও স্টিংগার ক্ষেপণাস্ত্র ডনবাস বাহিনীর হাতে তুলে দেওয়া হোক।

জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, অস্ত্র সরবরাহ, বিশেষ করে রুশ সেনাদের হাতে আসা পশ্চিমাদের তৈরি অস্ত্রগুলো আমি লুহানস্ক ও দনেৎস্ক প্রজাতন্ত্রের সামরিক ইউনিটগুলোর কাছে দেওয়াকে সমর্থন করি। দয়া করে, এটাই করুন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর আগে দেশটির রুশপন্থি দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার পুতিন।