নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়াতের নেছা (৭৫) ও জিহাদুল ইসলাম (৮) নামের দুজনের মৃত্যু হয়েছে।

হায়াতের নেছা উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জালাল আহমেদের স্ত্রী ও জিহাদ একই গ্রামের হাসান আহমেদের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে একটি ধানক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তারা মারা যান।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হায়াতের নেছা তার জিহাদকে সঙ্গে নিয়ে পাশের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ধানক্ষেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। এ সময় হায়াতের নেছা তাকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।

পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। এলাকাবাসী ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। 

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।