পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ‘ছুড়ে’ দুঃখজনক বলল ভারত

ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত মহড়ার সময় ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে’ ‘দুর্ঘটনাবশত’ একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, গত বুধবার ভারতের ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ে। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রটিতে কোনো ওয়ারহেড ছিল না।

গতকাল ভারতের পক্ষ থেকে বলা হয়, তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনো প্রাণহানি হয়নি।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে এমন ঘটনা ঘটেছে, যা ‘খুবই দুঃখজনক’। ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়েছিল। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠানো হয়েছে। এ ঘটনাকে বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন বলছে দেশটি। এর ফলে যাত্রীবাহী ফ্লাইট এবং বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে পড়ার শঙ্কা ছিল।

ঘটনার তদন্ত দাবি করে পাকিস্তান ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের অবহেলার কারণে অপ্রীতিকর পরিস্থিতির জন্য সতর্ক হয়ে ভবিষ্যতে সীমা লঙ্ঘনের এমন পুনরাবৃত্তি এড়াতে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

পাকিস্তানি বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, বস্তুটি বিধ্বস্ত হওয়ার আগে ৪০ হাজার ফুট উচ্চতায় পাকিস্তানের আকাশসীমায় ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।