নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের আরোহী ইউসুফ আলী (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ আলী শিবপুর উপজেলার দত্তেরগাও এলাকার মনোউদ্দিন ভূইয়ার ছেলে। আহত ৪ জন হলেন- দত্তেরগাও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকারম মিয়া (২৬), একই এলাকার মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) এবং পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)। গুরুতর আহত ২ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা হতে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল।
একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেন দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং এটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী মারা যান এবং চারজন গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহেদী বলেন, প্রাইভেটকারটিতে ৬ জন ছিল। তারা সিঙ্গাপুরগামী মাহবুবকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে শুধু বিদেশগামী যাত্রী মাহবুব সুস্থ আছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।