নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক ‘খবরের পাতা’ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়ির ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে শহরের আলম খান লেনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বোতল ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে। এ থেকে পুলিশের ধারণা, হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মাহবুবুর রহমানের অভিযোগ, ‘জেলায় ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। একই কারণে আমার বাড়িতে হামলা হয়েছে বলে ধারণা করছি। খুনিরা ভয় দেখাতে চাইলেও আমাদের প্রতিবাদ থামবে না। তাদের বিচাই হবেই।’ পরে এ ঘটনায় সদর মডেল থানায় জিডি করেন তিনি।
সদর থানার ওসি মো. শাহ জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, স্থানীয় সিসিটিভির ফুটেজে গভীর রাতে ককটেলের মতো বস্তু রেখে যাওয়ার তথ্য মিলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।