সীমান্ত পার হয়ে আসা হরিণের মৃত্যু

খাবারের খোঁজে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর একটি সাম্বার জাতের হরিণ মারা গেছে। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি এলাকার। 

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণটি শনিবার বিকেলের দিকে সীমান্ত অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করে। স্থানীয় লোকজন হরিণটি ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা রক্তাক্ত অবস্থায় হরিণটি উদ্ধার করেন। উদ্ধারের অল্প কিছুক্ষণের মধ্যে রাতেই হরিণটি মারা যায়।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম বলেন, আটোয়ারী উপজেলা প্রশাসনের সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় যাই এবং হরিণটি উদ্ধার করি। ঘটনাস্থলে যাওয়ার আগেই উৎসুক জনতার চাপে হরিণটি আহত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আমরা হরিণটি বাঁচানোর চেষ্টা করি; কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হরিণটি খাবারের সন্ধানে ভারতীয় সীমানা অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করে। মানুষের অসচেতনতার কারণে এমন ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হরিণটি মারা যায়। হরিণটির ডান পায়ে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বন বিভাগের সহযোগিতায় মৃত হরিণটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুতে রাখা হয়েছে।