মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে বেশ উজ্জীবিত মেয়েরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চোখ রাখছেন জয়ে।
হ্যামিল্টনে বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান নারী দলের মধ্যকার ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানের হার দিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৯ উইকেটে। তবে শক্তির বিবেচনায় পাকিস্তানিরা কাছাকাছি হওয়ায় এ ম্যাচ থেকে জয় হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।
রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার বললেন, ‘আসলে ওদেরকে (পাকিস্তানকে) খুব ভালো চিনি। অনেক খেলেছি ওদের সঙ্গে। খুব ভালো ধারণা আছে। আমি মনে করি বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে আমাদের।’
প্রথম দুই ম্যাচের ইতিবাচকদিকগুলোর কথা উল্লেখ করে নিগার বলেন, ‘দুই ম্যাচেই মেয়েরা দুর্দান্ত খেলেছে। হয়তো ফলটা পক্ষে আসেনি। আমি মনে করি অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলাররা ভালো করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটাররা ভালো করেছে। এখন দুইটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠলে দারুণ হবে।’
আট দলের এই আসরের প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। এরপর সেরা চার দল জায়গা পাবে সেমিফাইনালে।