ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) আমানত সংগ্রহের পেছনে কমিশন বা উন্নয়ন ব্যয়ের নামে বাড়তি খরচ করছে। এ ধরনের ‘অযৌক্তিক’ ব্যয় পরিহার করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলার জারির মাধ্যমে এনবিএফআইগুলোকে এ ধরনের ব্যয় পরিহার করতে নির্দেশ দেওয়া হয়। তাছাড়া এনবিএফআইগুলোকে তাদের আমানতের সুদহার নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনাও বাস্তবায়ন করতে বলা হয়।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেখতে পেয়েছে সম্প্রতি কিছু এনবিএফআই আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ প্রভৃতি খাতে টাকা খরচ করছে। এ ধরনের ব্যয়কে অনৈতিক ও অগ্রহণযোগ্য বলছে কেন্দ্রীয় ব্যাংক। এটা করে এনবিএফআইগুলো অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বাড়াচ্ছে। যা এ খাতের প্রতিষ্ঠানগুলোর ঋণ বা বিনিয়োগের সুদহারকেও ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।
এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এনবিএফআইগুলো আমানত আহরণের ক্ষেত্রে ঘোষিত সুদ বা মুনাফা ছাড়া অন্য কোনো প্রচ্ছন্ন ব্যয় করতে পারবে না। তা যে নামেই সেই ব্যয় করা হোক না কেন। আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।