খাগড়াছড়িতে যুবলীগ ও যুবদল পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। কর্মসূচি ঘিরে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও শেষ অবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল রবিবার খাগড়াছড়ি পৌর এলাকায় দুই দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।
বিএনপি-জামায়াতের দেশবিরোধী যড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে এদিন সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয় যুবলীগের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর টাউন হল ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে একই সময় শহরে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু। সদর থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, ‘পুলিশ সতর্ক থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যুবদল ও যুবলীগ পৃথক স্থানে তাদের কর্মসূচি শেষ করেছে। বিএনপি হামলার অভিযোগ করলেও সত্যতা পাইনি।’