২০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অতিরিক্ত আরও ২০  কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার অনুমোদন দিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে রাশিয়া এমনকি বেসামরিক এলাকাতেও বোমাবর্ষণ চলছে বলে জানিয়েছে এএফপি।

ওয়াশিংটন ইতিমধ্যেই ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ৩৫ কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক সহায়তা ঘোষণা করা হয়। এই সহায়তা প্যাকেজে প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি, যেমন- সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাসহ অন্যান্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সবকিছুই রাখা হয়েছে।

রাশিয়ার আগ্রাসন বাড়তে থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি ক্রমাগত ওয়াশিংটন, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কাছে সহায়তা চেয়ে যাচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, আমরা রাশিয়ার আক্রমণের আগেই কিয়েভকে এক বছরে যে এক বিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিলাম, তা চলমান থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী, ওয়াশিংটন ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত যে সহায়তা কিয়েভকে দিয়েছে, আগামীতে তা আরও বাড়ানো হবে।

এদিকে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে গত শনিবার বিমান হামলার সতর্ক সংকেত পাওয়া গেছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিওপোলের মতো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী। বোমা হামলার খবরও মিলছে। স্থানীয়রা বলছেন, কিছু সময় পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।