পাকিস্তান হাইকমিশনারের ব্রিফিং

ওআইসি সম্মেলনে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান আহমদ সিদ্দিকী। গতকাল রবিবার হাইকমিশনার তার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

আগামী ২২ ও ২৩ মার্চ ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। সেই সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইমরান আহমদ। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে মুসলমান দেশগুলো যাতে আরও সক্রিয় উদ্যোগ নেয় সে বিষয়ে ওই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

তিনি জানান, এবারের ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘একতা, ন্যায়বিচার এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব।’

এদিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও আরও এগিয়ে নিতে চায় উল্লেখ করে ইমরান বলেন, ‘দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে, রাজনৈতিক পর্যায়ে সম্পর্ক বাড়াতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। আশা করছি, সামনে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে যাবে।’

১৯৭১ সালের মার্চে পাকিস্তানের ওই সময়ের সরকার এবং সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা ঘটিয়েছিল তার জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কিনাÑসাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই। যে বিষয়টা অতীতে ঘটে গেছে এবং সুরাহা হয়েছেÑতা টেনে আনতে চাই না। আপনি-আমি ওই সময়ে ছিলাম না, আমরা কিছুই দেখিনি। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে দুই দেশের প্রতিই ভালোবাসা এবং মমত্ববোধ আছে। দুই দেশের এই সময়ের প্রজন্মের মধ্যে যোগাযোগ আছে।

ইমরান আহমেদ সিদ্দিকী জানান, সম্মেলনের সময়ই তার দেশ স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্যাপনের মূল অনুষ্ঠান করতে যাচ্ছে। সেখানে ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এরই মধ্যে আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়েছে।