বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। গতকাল রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে বিশ্বব্যাংকে আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান এই প্রস্তাব দেন। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্রটি জানায়, প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে গুয়াংঝি চ্যান বলেছেন, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য জ্বালানি, আঞ্চলিক বিদ্যুৎ বাজার, জ্বালানিবিনিময়, নীতিসংস্কার ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এ ছাড়াও প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপ লাইন আধুনিকায়ন নিয়ে বিশ্বব্যাংকের আগ্রহ রয়েছে।
নসরুল হামিদ বলেছেন, বিশ্বব্যাংকের ঋণ নিতে গেলে বেশি সময়ক্ষেপণ হয়। সময় বাড়লে ব্যয় বাড়ে। এসব বিষয় বিশ্বব্যাংককে মাথায় রাখা উচিত বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বিশ্বব্যাংক ক্লিন এনার্জি বা দূষণমুক্ত জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। দেশে ইলেকট্রনিক যানবাহন ব্যবহার ব্যাপক আকারে দরকার। দক্ষতা অর্জনেও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে বিশ্বব্য্যাংক কাজ করতে পারে।
বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ বিভাগে পাঁচটি প্রকল্পের কাজ চলছে। আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সঞ্চালন নেটওয়ার্ক বর্ধিতকরণ, ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন, জ্বালানি দক্ষতা বাড়ানো, পরিষ্কার জ্বালানির অংশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংকের বিনিয়োগ চায় বাংলাদেশ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের অপারেশন অ্যাডভাইজর মিজ গিসু মোহাদজার, সিনিয়র অপারেশন অফিসার মিজ বারবারা উইবার, প্রোগ্রাম লিডার রাজেস রোহাতজি প্রমুখ উপস্থিত ছিলেন।