নাব্য ও ঘাট সংকটে পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট

যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পন্টুন সংকটের কারণে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

সোমবার সকাল থেকে পাটুরিয়া প্রান্তে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, গেল কয়েক দিনে যমুনা নদীর পানি অতিরিক্ত কমে গেছে। এতে পাটুরিয়ার প্রান্তের ৫টি ঘাটের ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীর পানি কমে যাওয়ায় পন্টুন নিচু হয়ে গেছে।

আগে একটি ফেরি থেকে যানবাহন আনলোড করতে সময় লাগত ১৫ মিনিট। সেখানে এখন ৩০-৪৫ মিনিট সময় লাগছে। ফলে ঘাট এলাকায় পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়ছে।

তিনি আরও বলেন, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করা হচ্ছে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছেই।

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সোমবার সকাল থেকে ২০টি ফেরি দিয়ে যানবাহন ফেরিতে পারাপার করা হচ্ছে। এর মধ্যে রো রো ১১টি, ৯টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী,  সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও দুই টার্মিনাল, মহাসড়ক ও উথুলি সংযোগ মোড় মিলে ৫ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।