তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের এই দুই সিরিজের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচের সূচিও চূড়ান্ত হয়েছে।
কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বাংলাদেশ দল নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর টেস্ট সিরিজের আগে খেলবে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ।
১৪ মার্চ প্রথম দিনের অনুশীলন সারবে টাইগাররা। এরপর ১৫ মার্চ জোহানেসবার্গে ওয়ানডে দলের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ। পরদিন বিশ্রাম থাকলেও টাইগাররা চালিয়ে যেতে পারবেন ঐচ্ছিক অনুশীলন।
দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের প্রথম ওয়ানডে খেলবে ১৮ মার্চ, সেঞ্চুরিয়নে। তার আগে দলীয় অনুশীলন করবে সফরকারীরা। বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে ২০ মার্চ, জোহানেসবার্গে। তৃতীয় ওয়ানডে হবে ২৩ মার্চ, সেঞ্চুরিয়নে।
ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২৫ মার্চ হবে টেস্ট দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন। এরপর ২৬-২৭ মার্চ চ্যাটসওর্থে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। পরদিন বিশ্রামের পর থাকছে আরও দু’দিনের অনুশীলন। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৭ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।