সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে সোমবার পুল-বি এর ম্যাচে ৭-০ গোলে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

হ্যাটট্রিক করেছেন সোহানুর রহমান সবুজ। বাকি চার গোলদাতা- আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন ও পুস্কর ক্ষীসা মিমো।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। মঙ্গলবার ইরানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে তারা।

বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ দুটি সেমিফাইনাল এবং ২০ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়া কাপে।