বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই কর্তৃক ধামরাইয়ের শরীফবাগ গ্রামে বাস্তবায়নাধীন ‘বিএলআরআই প্রযুক্তি পল্লি’র উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার ধামরাইয়ের শরিফুন নেশা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রযুক্তি পল্লির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, আমি সব সময় বলি যে বঙ্গবন্ধুর হাত ধরেই আজকে বাংলাদেশের কৃষির অগ্রযাত্রা। তিনি উপলব্ধি করেছিলেন, এ দেশের কৃষিকে যদি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো না যায়, তবে কোনো উন্নয়নই টিকে থাকবে না। যার জন্য জাতির জনক স্বাধীনতার পরপরই কৃষির উন্নয়নের ওপরে জোর দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আধুনিক কৃষি, উন্নত ব্যবস্থাপনা ও যন্ত্রপাতির ব্যবহার। আমরা সবুজ বিপ্লবের কথা বলি এটা কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই করেছিলেন।
সভাপতির বক্তব্যে বিএলআরআই-এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সুখী সমৃদ্ধ এবং মেধাসম্পন্ন জাতি গঠন করতে হলে প্রাণিজ আমিষের কোনো বিকল্প নেই।
‘এই প্রযুক্তি পল্লিতে বেশ কিছু প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এবং খামারিরা নিজেরাই প্রযুক্তি ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে আপনাদের এখান থেকে গরুর মাংস এবং মুরগির মাংস বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।’