ময়মনসিংহে জমে থাকা গর্তের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের জমে থাকা গর্তের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল- দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি (২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে চাচাতো দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর বাড়ির লোকজনের অগোচরে বাড়ির টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের লাশ ওই গর্তে ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।