চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের নুর মার দীঘির পাড় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হয়নি। তবে আগুনে বাসে থাকা একটি ছাগলের গায়ের কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত চলন্ত অবস্থায় ‘নিউ এডিশন’ নামের একটি বাসের ইঞ্জিনের পাশের অংশে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে বাস চালক, সহযোগীসহ যাত্রীরা সবাই বাস থেকে নেমে যান।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসে থাকা ৯টি ছাগলের মধ্যে একটি ছাগলের গায়ের কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল জানান, আগুন নেভানোর পর গাড়ি ও ছাগলগুলা বার আউলিয়া হাইওয়ে থানা-পুলিশ নিয়ে যায়। উপস্থিত ক্ষেত্রে ছাগলের মালিককে পাওয়া যায়নি।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাটারির শর্টসার্কিট থেকে অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুন ধরে থাকতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হকের সেলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।