১০০ ডলারে নেমেছে জ্বালানি তেলের দাম

এক বছর ধরেই বিশে্ব জ্বালানি তেলের দর বাড়ছিল। তবে এ দরবৃদ্ধিকে উসকে দিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে গত ৬ মার্চ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৩৯ ডলারে উঠে যায়, যা ১৪ বছরে সর্বোচ্চ। তবে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ করায় দাম কমতে শুরু করেছে। গতকাল রাত ১০টা নাগাদ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদন্ড ব্রেন্ট ক্রুডের দাম ১০০ দশমিক ৫০ ডলারে নেমেছে। খবর সিএনএন।

অর্থাৎ সর্বোচ্চ জায়গায় পৌঁছার পর জ্বালানির দাম প্রায় এক-চতুর্থাংশ কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে গত ২৩ ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৯৪ ডলার, যা ১ মার্চ ১০৪ দশমিক ৯৭ ডলারে উন্নীত হয়। এরপর ধারাবাহিকভাবে দর বেড়ে গত ৬ মার্চ ১৩৯ ডলারে উঠলেও দিনশেষে তা ১৩০ ডলারে স্থির হয়। তবে এরপর থেকে নিম্নগতি দেখা দেয় তেলের বাজারে। গত ছয় দিনে দর কমে গতকাল তা ১০০ ডলারে নামে। যদিও লেনদেনের একপর্যায়ে তা ৯৮ ডলারেও নামতে দেখা যায়। গত ১ মার্চের পর এই প্রথম জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।