দীঘিনালায় আটকের পর ইউপিডিএফ নেতার মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় আটকের পর অসুস্থ হয়ে (হৃদরোগে) মারা গেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভ (৪৪)। তাকে মঙ্গলবার ভোরে অস্ত্রশস্ত্রসহ আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদলের সদস্যরা।

সূত্র জানায়, আটকের পর দীঘিনালায় নিয়ে আসার পথে ওই ইউপিডিএফ নেতা অসুস্থ বোধ করলে আইন শৃঙ্খলাবাহিনী তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু ঘটে। পরে লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে দীঘিনালা উপজেলার বাবুছড়ার বাঁশঢালা এলাকায় টহল দলের হাতে আটক হন  ইউপিডিএফের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভ। আটকের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, তিনটি অবৈধ ওয়াকিটকি, আটটি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি পোর্টেবল জেনারেটর উদ্ধার করা হয়। মিলন চাকমার বিরুদ্ধে দীঘিনালা এলাকায় চাঁদাবাজি, হত্যা, খুনসহ রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি তিনটি মামলার পলাতক আসামি ছিলেন।

তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করেছেন শারীরিক নির্যাতনের শিকার হয়ে তাদের নেতা মারা গেছেন।