পুতিনকে একক লড়াইয়ের চ্যালেঞ্জ ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও দেশটির বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক তার এক টুইটে সরাসরি পুতিনের সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইংরেজি ও রুশ দুই বর্ণমালায় দেওয়া টুইটে মাস্ক বলেন, পুতিনের সঙ্গে লড়াই করতে চান তিনি। তবে লড়াই হবে শুধু তাদের দুজনের মধ্যে।

ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এ লড়াইয়ের বাজি হবে ইউক্রেন।’ টুইটারে ওই টুইট মুহূর্তে সাড়া ফেলে দেয়। কিছুক্ষণ পর আর একটি টুইটে রুশ প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ট্যাগ করে লেখেন, ‘আপনি কি এ লড়াইয়ে রাজি?’ তবে ইলন মাস্কের মতো তার ভক্তরাও কম যান না। ইলনের টুইটের পর তারাও আগ্রহী হয়ে ওঠেন। অনেকে প্রশ্ন করেন, ইলন মাস্ক কি সত্যিই পুতিনের সঙ্গে এমন লড়াই করতে চান? ইলন মাস্ক সেসব প্রশ্নের জবাবে বলেন, ‘আমি সত্যি সত্যি পুতিনের সঙ্গে লড়াই করতে চাই। তবে আমার মনে হয়, পুতিন এ চ্যালেঞ্জ নেবেন না।’ ইলন মাস্কের এ আহ্বানে ক্রেমলিন থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এর নিন্দা জানিয়ে রাশিয়া ও পুতিনের সমালোচনা করে আসছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি যুদ্ধকবলিত ইউক্রেনে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সচল করে দিয়েছেন। ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে।