বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে দীর্ঘ সময় ভাতা পেলেও যাচাই-বাছাই কমিটির সুপারিশ না পাওয়ায় রাজশাহী মহানগর এলাকার ১২৬ জনের ভাতা বন্ধ হয়ে গেছে। তারা মুক্তিযোদ্ধা হিসেবে গত মাসের ভাতা পাননি। ভাতা বন্ধের প্রতিবাদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের মাধ্যমে গতকাল বুধবার এই স্মারকলিপি দেন ভাতা বঞ্চিতরা। এসময় নগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টারসহ ভাতা বঞ্চিতরা উপস্থিত ছিলেন। গত রোববার সোনালী ব্যাংকের মাধ্যমে রাজশাহীর অন্য বীর মুক্তিযোদ্ধারা ভাতা পেলেও তা পাননি এই ১২৬ জন।
স্মারকলিপিতে বলা হয়েছে, গত বছরের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) অফিস কক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। চার সদস্যের কমিটিতে সভাপতিসহ তিনজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো হবে।