করোনায় টানা দুই দিন কোনো মৃত্যু নেই দেশে। পাশাপাশি রোগী ও শনাক্তের হার কমছে। এমনকি এক দিনে দেশের ৩৬টি জেলায় নতুন করে কারও শরীরে ভাইরাসটি শনাক্ত হয়নি। ৯৬ দিন বা ৩ মাস পর গত মঙ্গলবার দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকালও একই পরিস্থিতি; অর্থাৎ ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম করোনায় পর পর দুটি মৃত্যুহীন দিন পেল বাংলাদেশ।
গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮২ জন এবং এ সময়ে কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ এবং মারা গেছে ২৯ হাজার ১১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ১ দশমিক ৩৮ শতাংশে। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা আক্রান্তের ৬৪ শতাংশেরও বেশি।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।