গাইবান্ধা সদর উপজেলার এক গ্রামে সাবেক স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে সাখাওয়াত হোসেন (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলি বেগম ও তার বর্তমান স্বামী বায়েজিদ ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতারি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন গাইবান্ধা পৌরসভার সরকারপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
গাইবান্ধা সদর থানার পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে সাখাওয়াত হোসেনের সাথে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। এরপর দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে এক বছর আগে একই গ্রামের বায়েজিদ ইসলামের সাথে দ্বিতীয় বিয়ে হয় শিউলি বেগমের।
কিন্তু, শিউলি বেগমের সঙ্গে প্রথম স্বামী সাখাওয়াত হোসেনের যোগাযোগ অব্যাহত ছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে শিউলি বেগমের সঙ্গে সাখাওয়াত হোসেন দেখা করতে গেলে বায়েজিদ ইসলামসহ পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত বলে চিৎকার করে। এ সময় বায়েজিদের পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন সাখাওয়াত হোসেনকে মারধর শুরু করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতেই সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক শিউলি বেগম ও বায়েজিদ ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের হবে।