চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাবিছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের ওপর চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মাহাবুব আদর (২২)। গতকাল বৃহস্পতিবার সকালে রেল শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেল পুলিশ। এর আগে বুধবার রাত পৌনে ১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের ১৫ নম্বর স্প্যানের কাছে আদর ট্রেন থেকে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেলে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান এসব তথ্য জানান। নিহত মাহবুব আদর ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা হান্নান মিঠুর একমাত্র ছেলে। ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিল আদর। পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজের ১৫ নম্বর স্প্যানের কাছে গেলে আদর পড়ে যান। গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।