চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে খুনের ৮ বছর পর আসামি গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেলকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোহেল রানা সোহেল (৩৪) সাভারের আশুলিয়ার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৪ সালের ২ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুরের দক্ষিণ পানিশাইল এলাকার জমি ব্যবসায়ী নিজাম উদ্দিনকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এর আগে ওই ব্যবসায়ীর কাছে বিভিন্ন সময়ে আসামি সোহেলসহ তার সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। কিন্তু ভুক্তভোগী চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি-ধামকিসহ শারীরিক নির্যাতন করে আসছিল।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গ্রেপ্তার সোহেলসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হলে আত্মগোপনে চলে যায় সোহেল। ধরা পড়ার আগ পর্যন্ত ৮ বছর পলাতক ছিলেন তিনি।

এ বিষয়ে সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আসামি প্রাথমিকভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহতের সঙ্গে আসামিদের চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।