ময়মনসিংহে সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত ও সহজে সেবা প্রদানে বিভিন্ন অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে জেলা প্রশাসনের অধীনস্ত মামলার গতি বাড়াতে কোর্ট অটোমেশন কার্যক্রম, ট্রেজারি অটোমেশন ও এক দিনে জমির খতিয়ান সরবরাহ কার্যক্রম রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পদ্ধতির এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, কোর্ট অটোমেশনের ফলে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ৩টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের দৈনিক কার্যতালিকা ওয়েবসাইটে প্রকাশসহ ঘরে বসেই মামলা শুনানির তারিখ ও সর্বশেষ তথ্য বাদী বিবাদী জানতে পারবেন। এর ফলে সেবা গ্রহীতাদের যাতায়াত খরচ ও সময় বেঁচে যাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে। ট্রেজারি অটোমেশনের ফলে জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্পের বৈধতা যে কেউ ভেরিফাই করতে পারবেন। আর ‘দিনে দিনে খতিয়ান’ উদ্যোগ থেকে জমির ক্রয় বিক্রয়সহ নানা কাজে সেবা গ্রহীতাগণ সেটেলমেন্ট রেকর্ডরুম থেকে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজার নকশা সরবরাহ পাবেন।