ফেনীর ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া এলাকায় মুহুরী নদীর জেগে ওঠা চরে মাটি কাটার সময় দুটি এক্সকেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামবাসী। গত শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া মাটি বহন করার চারটি ড্রামট্রাক আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন বলেন, ওই এলাকায় এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে স্থানীয় লোকজন চালকদের মাটি কাটতে বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে মাটি কাটা চালু রাখলে এলাকাবাসী দুটি এক্সকেভেটর মেশিনে আগুন লাগিয়ে দেয় এবং চারটি ড্রামট্রাক আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং ড্রামট্রাকগুলো হেফাজতে নেয়। এক্সকেভেটর ও ট্রাকচালকরা পালিয়ে গেছে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, ইটভাটার কিছু দালাল রাতের আঁধারে কৃষিজমি ও নদীপাড়ের মাটি ভাটায় নিয়ে যাচ্ছিল। গ্রামবাসী এক্সকেভেটরে আগুন দিয়েছে।