ছাত্রাবাসে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিজানুর রহমান পলাশ নামের ওই শিক্ষার্থী হাবিপ্রবির ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের ১৮তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলায়।

হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কোনো ঘটনা হতে পারে। এরপরও বিষয়টি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।’

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’