গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

খুলনায় রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় গতকাল শনিবার চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে গ্যারেজটির মালিক কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাঁচ যুবক তাদের তুলে নিয়ে গ্যারেজের ভেতর নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

গ্রেপ্তার কামরুল ছাড়া বাকি আসামিরা হলো শিরোমণি পূর্বপাড়া এলাকার সুমন (২৭), সজীব হোসেন জীবন (২২) ও আলামিন মল্লিক (২২)। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, গতকাল সকালে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এর মধ্যে আসামি কামরুলকে আটক করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে গত শুক্রবার সাভারে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরে এক এসআইয়ের বিরুদ্ধে ভ্যানচালককে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পরে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ : সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রনি (২০) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে গত শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। সে আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা এবং ওই স্কুলশিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু।

আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রামলেন্দু ঘোষ বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেেিডাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভ্যানচালক বৃদ্ধকে যৌন নির্যাতনের অভিযোগে এসআই কারাগারে : রংপুরে এক ভ্যানচালককে যৌন নির্যাতন মামলায় পীরগাছা থানার উপপরিদর্শক স্বপন কুমার রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই স্বপন কুমারের সঙ্গে চাকরির সুবাদে পূর্বপরিচয় ছিল ওই ভ্যানচালকের। গত বুধবার রাতে বৃদ্ধকে তার ভাড়া বাসায় ডেকে নেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। রাতে বৃদ্ধকে ফলের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর পর বিকৃত লালসা মেটান এসআই স্বপন।

এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে এসআই স্বপনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় স্বপন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই যুবক আটক : ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে তার নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেষ্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ওই কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।