রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে শনিবার সন্ধ্যায় কাভার্ডভ্যানের চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত মর্জিনা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকার মো. ইমারত মোল্লার স্ত্রী।
দৌলতদিয়া নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ফিরছিলেন মর্জিনা বেগম ও তার স্বামী।
দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে এসে ফেরি থেকে নামার পর তারা পকেট সড়ক ধরে উপরে উঠছিলেন। পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ফেরিঘাটের সড়কের ওপরে আঘাত করলে মর্জিনা পেছনে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় তার স্বামী ইমারত মোল্লার একটি পা ভেঙে যায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক (কাভার্ডভ্যান) ও চালকে আটক করা হয়েছে।