ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও প্রেরণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে এক কার্যক্রমের যাত্রা শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রেরণা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
গ্রোথ স্টেজ উদ্যোক্তা বা অন্তত এক বছরের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন নারী উদ্যোক্তাদের কথা ভেবেই এ কার্যক্রমটির পরিকল্পনা করা হয়েছে। অংশগ্রহণকারীদের মাঝে উদ্যোক্তামূলক মানসকিতা তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের ঋণযোগ্যতা বৃদ্ধিতে এ কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমে, একটি গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়িক পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি স্টার্টআপ ব্যবসাকে টেকসই ব্যবসায় রূপান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করতেও এ কার্যক্রমটি সহায়ক হবে। প্রশিক্ষণ কার্যক্রম চলতি বছরের মে মাস থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি, এম. খোরশেদ আনোয়ার; উইমেন ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের; প্রেরণা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি