ত্রিশালে এক ঘণ্টায় জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধন মানেই নানা ভোগান্তি ও সময়সাপেক্ষ এক ব্যাপার। ময়মনসিংহের ত্রিশাল উপজেলাবাসীর কাছে এই সময়সাপেক্ষ বিষয়টি অল্প কয়দিনের জন্য হলেও সহজ হয়ে গেছে। মাত্র এক ঘণ্টায় তারা জন্মনিবন্ধন সংশোধন করতে পারছেন। মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী এক মেলায় জনসাধারণকে এ সুযোগ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় ৪ দিনে তিন শতাধিক উপকারভোগী তাদের জন্মনিবন্ধন সংশোধন করতে পেরেছেন বলে মেলা সূত্র জানিয়েছে।

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্টলে এ সুযোগ পাচ্ছেন সেবাগ্রহীতারা। জন্মনিবন্ধন সংশোধন করতে আসা সমিক হাসান বলেন, ‘শুনেছি জন্মনিবন্ধন সংশোধনে অনেক ভোগান্তি পোহাতে হয়। আবেদন ফরম জমা দিলে বেশ কয়েক দিন পর শুনানির তারিখ পড়ে। সেই তারিখে উপস্থিত হয়ে তারপর সংশোধন করতে হয়। কিন্তু মেলা উপলক্ষে এই স্টলে কয়েক মিনিটেই আমার জন্মনিবন্ধন সংশোধন করতে পেরেছি। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘সংশোধনের ধরনের ওপর ভিত্তি করে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে তা সেবাগ্রহীতাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এতে করে অল্প সময়ে সহজেই জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়া সম্ভব হচ্ছে।’