কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় উন্নীত করার ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরে তার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপনও জারি করেন। কিন্তু আজও জিল্লুর রহমানের ইচ্ছার বাস্তবায়ন হয়নি।
পরে জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও কাঙালিভোজ হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে কোরআনখানি, কালোব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।