জেলেনস্কির সঙ্গে আলাপে প্রস্তুত নন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানালেও রাশিয়ার নেতা এখনো এ ধরনের কোনো বৈঠকের জন্য ‘প্রস্তুত নন’ বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। জেলেনস্কি গত শনিবার এক ভিডিও বার্তায় পুতিনকে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে বলেন; নাহলে পরে পস্তাতে হবে বলে হুঁশিয়ারও করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মুখপাত্র ও প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, ‘জেলেনস্কি বসতে প্রস্তুত, কিন্তু পুতিন মনে করছেন, শীর্ষ পর্যায়ের বৈঠক করার মতো পরিস্থিতি এখনো আসেনি।’ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি এবং তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নৃশংস যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আলোচনার পথ খুঁজে বের করতে তুরস্ক ও এরদোয়ান মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করছে।

তুর্কি প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার জেলেনস্কি ও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন, ওই কলগুলোতে কালিনও ছিলেন। তুরস্কের এই কর্মকর্তা জানান, পুতিন এখন আর জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে চাইছেন না। তিনি বলেন, ‘পছন্দ হোক বা না হোক, তিনি এখন জেলেনস্কিকে ইউক্রেনের জনগণের নেতা হিসেবেই মেনে নিচ্ছেন।’