বাগেরহাটে ছিনতাইয়ের অভিযোগ শুনতে গিয়ে হামলায় এসআই আহত

বাগেরহাটের কচুয়ায় ছিনতাইয়ের অভিযোগ শুনতে গিয়ে যুবকের হামলায় এক এসআই জখম হয়েছেন।

রবিবার রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় এই ঘটনা ঘটে।

আহত এসআই রবিউল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারী ওই যুবককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

হামলাকারী জুয়েল শেখ কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ আলী শেখের ছেলে।

রবিউল ইসলাম কচুয়ায় থানার এসআই হিসেবে কর্মরত।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. রাসেলুর রহমান সকালে এই প্রতিবেদককে বলেন, সম্প্রতি কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনার ভিকটিম সম্মানকাঠি গ্রামের জুয়েল শেখ নামের এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে।

অভিযোগ পেয়ে রবিবার রাত নয়টার দিকে কচুয়া থানার এসআই রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে জুয়েলকে পেয়ে তার সঙ্গে কথা বলা শুরু করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জুয়েল ক্ষুব্ধ হয়ে পাশের একটি বাড়ি থেকে ধারালো দা এনে রবিউলকে এলোপাতাড়ি কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ রবিউলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েলের বিরুদ্ধে কচুয়া থানায় খুনের ও মারামারির পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি খুনের মামলায় জামিনে বের হন। তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল ইলমাম আকাশ বলেন, রবিউলের ডান হাতের কনুই এবং বাম পায়ের ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের ক্ষতটা গুরুতর। আঘাতের কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। এখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।