বিকেএসপিতে ব্যাটিংয়ে ঝড় তুললেন শামীম হোসেন। আবাহনীর হয়ে সাভারে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকালেন ২১ বছর বয়সী ব্যাটার।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন শামীম। এই বাঁহাতি ব্যাটারের তাণ্ডবে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৯ রান করেছে আবাহনী।
মুনিম ব্যর্থ হলেও নাঈম শেখের ৩৭, তৌহিদ হৃদয়ের ৪৬ রানের সুবাদে বেশ ভালো স্কোরের আশা জাগাচ্ছিল আবাহনী। তবে দলীয় ১৩৪ রানে মোসাদ্দেক বিদায় নিলে চাপে পড়ে তারা। এরপর ক্রিজে এসে ঝড়টা তুলেন শামীম। তৌহিদ দলীয় ১৩৮ রানে ফিরলে ইনিংসের বাকি সময়টা ভালোভাবে সামাল দেন শামীম ও জাকের আলী।
৪১ বলে অর্ধশতকের দেখা পান শামীম। এবারের ডিপিএলে এটি তার প্রথম ফিফটি। এরপর মাত্র ২২ বলে সেঞ্চুরির বাকি ৫০ রান করে করে তিন অঙ্কের ঘরে পা রাখেন তিনি।
শামীমের ফিফটির পর ইনিংসের ৪৬তম ওভার করতে আসেন সিটির বোলার আব্দুল হালিম। ওভারটিতে তিন চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি। ৪৮তম ওভারে শতক উদ্যাপন করেন শামীম।
তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে তার লাগল ৬৩ বল। ৬৬ বলে শামীমের অপরাজিত ১০৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ৪ ছয়ে। আবাহনীর হয়ে ফিফটি করেছেন জাকের। ৫৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। ।