মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে ফার্মেসি ব্যবসায়ী স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন পুলিশ সুপার।
তারা হলেন, উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল (চালক) হাজী আফসার উদ্দীন।
রবিবার রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে অফিস আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগে জানা যায়, শনিবার রাতে মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাপা সিরাপের প্যাকেটে দুটি ইয়াবা দিয়ে নিরীহ মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টা করেন। তখন উত্তেজিত স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করে রাখেন। এ সংবাদ দেশ রূপান্তরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয় এবং পাশাপাশি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, রবিবার পুলিশ সুপারের কার্যালয় থেকে ঘটনাটি খতিয়ে দেখা হয় এবং পুলিশের সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়া যায়। রবিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ সদস্যের মধ্যে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তি বা ক্লোজড করার আদেশ দেয়া হয়। দুই পুলিশ সদস্য সোমবার সকালেই পুলিশ লাইনে যোগদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল (চালক) হাজী আফসার উদ্দীনকে রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের অফিস আদেশে থানা থেকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’