মেয়েকে মাদ্রাসায় ভর্তিতে প্রয়োজন জন্মনিবন্ধন সনদ। জন্মনিবন্ধন করাতে ৯ বছরের মেয়ে ফাতিমা বেগমকে নিয়ে ঢাকার উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে লঞ্চে উঠতে রোববার বাসা থেকে বের হন মা সালমা বেগম (৩৫)।
মুন্সিগঞ্জ থেকে পটুয়াখালী যেতে হলে ঢাকার সদরঘাটের লঞ্চ ধরতে হবে সালমাদের। কিন্তু ভুল করে তারা চড়ে বসেন নারায়ণগঞ্জের লঞ্চে। নারায়ণগঞ্জ লঞ্চঘাটে এসে নিজেদের ভুল বুঝতে পেরে পরের লঞ্চেই আবার মুন্সিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।
দুপুরে পথ ভুল করার কথা ফোনে বড় মেয়েকে জানান সালমা। তবে স্বামীকে জানাতে নিষেধ করেন।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ কার্গোর ধাক্কায় এম এল আফসার লঞ্চটি ডুবে যায়। এর যাত্রী ছিলেন মা ফাতিমা আর মেয়ে সালমা। লঞ্চডুবিতে তাদের মৃত্যু হয়।
রবিবার রাতে ডুবুরিরা উদ্ধার করে মা-মেয়ের লাশ। মৃত সালমার সঙ্গে থাকা মোবাইল থেকে ফোন করে শনাক্ত হয় তাদের লাশ।
সোমবার পটুয়াখালীর মির্জাগঞ্জ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মা ও মেয়ের মরদেহ। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
সালমা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের ইউনুচ আলী খলিফার (৫৫) স্ত্রী।
সোমবার বিকেলে তিনি দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
ইউনুচ খলিফা বলেন, জীবিকার তাগিদে ১২ বছর ধরে ঢাকার মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ছয় সন্তান নিয়ে বসবাস করছেন। সোমবার দুপুরে জানাজার নামাজ শেষে সালমার বাবার বাড়ি উপজেলার ভাজনা কদমতলা গ্রামে দাফন করা হয় তাদের।