এবার দ্বিগুণেরও বেশি সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। ২০২২-২৩ অর্থবছরের জন্য বর্তমানের হার থেকে ১০৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। এর বিপরীতে সঞ্চালন চার্জ শূন্য দশমিক ৪৮৯০ টাকা করার সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। গতকাল রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএলের গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করছে বিইআরসি। শুনানিতে এই সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।
গতকালের গণশুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে শূন্য দশমিক ৪২৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবছরে শূন্য দশমিক ৭৩০৭ এবং ২০২২-২৩ অর্থবছরে শূন্য দশমিক ৮৬৫৮ টাকা করার প্রস্তাব দিয়েছে জিটিসিএল। এ হিসাবে ২০২১-২২ অর্থবছরে সঞ্চালন চার্জ ৭২ দশমিক ৫ শতাংশ ও ২০২২-২৩ অর্থবছরে ১০৪ দশমিক ৪ শতাংশ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। যদিও কোম্পানিটি মুনাফায় রয়েছে। দেশে যে পরিমাণের গ্যাস সঞ্চালন হয়, তার প্রায় ৮৫ শতাংশ জিটিসিএলের মাধ্যমে যায়। ২০২০-২১ অর্থবছরে নিট মুনাফা হয় ৭৪ কোটি টাকা।
গতকালের শুনানিতে জিটিসিএল জানায়, প্রস্তাব অনুযায়ী গ্যাস ট্রান্সমিশন চার্জ (গ্যাস সঞ্চালন ট্যারিফ) বাড়ানো না হলে জিটিসিএলের পক্ষে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন, কম্প্রেসর স্টেশন, গ্যাস ট্রান্সমিশন গ্রিড ও আনুষঙ্গিক স্থাপনা পরিচালন ও রক্ষণাবেক্ষণ, ডিভিডেন্ড এবং ডিএসএল পরিশোধসহ দৈনন্দিন ব্যয় নির্বাহ সম্ভবপর হবে না।