গাজীপুরে ঘুমন্ত স্ত্রী-সন্তানকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। গত রবিবার গভীর রাতে মহানগরীর বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকার ডেঙ্গুর আলী রোডের মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।
স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ উঠা মফিজুল ইসলামের (৫৫) বাড়ি টাঙ্গাইলের মধুপুরের ইদুলপুর গ্রামে। আর নিহত রহিমা ময়মনসিংহের মুক্তাগাছার রামভদ্রপুর গ্রামের মো. ঈমান আলীর মেয়ে।
এদিকে গত রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত নেত্রকোনা, রাজবাড়ী এবং কুমিল্লায় তিনজন খুন হয়েছে। একই সঙ্গে শিশুসহ নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত রবিবার রাত পৌনে ১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। ওই দিন রাত ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মোকুড়ী গ্রামের খলিল শেখ (৬০) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় শবেবরাতের রাতে স্থানীয় মসজিদে তাবারক বিতরণকে কেন্দ্র করে ঝগড়ার পর মাসুক (২৮) নামে এক যুবকে হত্যা করেছে তার প্রতিবেশীরা।
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর গতকাল পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। দুই বছর আগে করোনায় তার ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ১৮ ঘণ্টা নিখোঁজের পর নওগাঁর মান্দায় একটি ভুট্টার ক্ষেত থেকে হাত-পা বাঁধা ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
ঘুমন্ত স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা : মা জুলেখা বেগম জানান, বছর দশেক আগে পারিবারিকভাবে মফিজুল ইসলামের সঙ্গে নিহত রহিমার বিয়ে হয়। এই দম্পতির সংসারে আল-আমিন (৮) ও মোস্তারিন (৬) নামে দুটি সন্তান রয়েছে। মফিজুল এর আগে আরও একটি বিয়ে করেছিল। সেই স্ত্রীকে তালাকের পর রহিমাকে বিয়ে করে। রহিমারও এর আগে দুইবার বিয়ে হয়েছিল। রহিমার দ্বিতীয় সংসারের সন্তান নিহত রোকন মায়ের সঙ্গে মফিজুলের সংসারে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করত। মফিজুল চার বছর আগে পূর্ব কলমেশ্বর এলাকায় বাসা ভাড়া নিয়ে রহিমার সঙ্গে সংসার পাতেন। তবে তিনি কোনাবাড়ী এলাকায় আরেকটি বাসা ভাড়া নিয়ে সেখানে একা থেকে অটোরিকশা চালাতেন। সপ্তাহে এক-দুই দিন বোর্ডবাজারের বাসায় আসতেন। সৎ ছেলে রোকনকে নিয়ে রহিমার সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো মফিজুলের। কিছুদিন আগে রহিমা তার মাকে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে গাজীপুরে তার বাসায় নিয়ে আসেন। পরে ঢাকার সাভারে বড় ভাইয়ের বাসায় রেখে মাকে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন রহিমা। আর এজন্য বোর্ডবাজারের বাসা এ মাসেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বাসা পরিবর্তনের জন্য রহিমা গত রবিবার মফিজুলকে আসতে বলেন। মফিজুল আসার পর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টা থেকে ১টার মধ্যে রহিমা ও রোকনকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান মফিজুল। পরে মফিজুলের ছেলে আল-আমিনের ঘুম ভাঙলে বিছানার ওপর মায়ের ও সৎ ভাইকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে ঘরের বাইরে লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার আগে তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল বলে মনে হচ্ছে। নিহতদের গলার এক-তৃতীয়াংশ কাটা ছিল।’
দুজনকে হত্যার ঘটনায় নিহত রহিমার বড় ভাই রাশেদুল হক বাদী হয়ে মফিজুল ইসলামকে আসামি করে মামলা করেছেন বলেও জানান ওসি ইসমাইল।
দুর্গাপুরে যুবকের হাতে ব্যবসায়ী খুন : নেত্রকোনোর দুর্গাপুর উপজেলায় এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত রবিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন। মাসুদ মিয়া (২০) নামে এক যুবক লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ^াসরোধ করে তাকে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই যুবক চুরি করতে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসা পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন এবং রাতে কেউ ডিজেল কিনতে এলে বিক্রি করতেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গোয়ালন্দে কৃষকে গলা কেটে হত্যা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মোকুড়ী গ্রামের খলিল শেখ (৬০) নামে এক কৃষককে তার নিজ কলাবাগানে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ৮টার দিকে চর মৌকুড়ী এ ঘটনা ঘটে। খলিল এশার নামাজ পড়তে নিজ বাড়ি থেকে বেড় হয়েছিলেন।
নিহত খলিল শেখের জামাই ফরহাদ সরদার জানান, তার শ্বশুর চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এশারের নামাজের আযান দিলে সে বাড়ী থেকে একটু দূরে মসজিদে নামাজ পড়ে বাড়ীর উদ্দেশ্যে আসেন। এরমধ্যে এলাকার সাব্বির নামে ১৪ বছরের একটি ছেলে দেখে তিনি কলাবাগানের পাশে শুয়ে আছে। সে মোবাইলের আলো জ্বালিয়ে দেখে একজন লোক গলা কাটা অবস্থায় পড়ে আছে। তারপর তার চিল্লাচিল্লিতে আশ পাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় খলিল শেখ গলা কাটা অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আমরা লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি, লাশের সুরোতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসাপাতালে পাঠানো হবে।
কুমিল্লায় ছুরি মেরে যুবককে হত্যা: কুমিল্লায় শবে-বরাতের রাতে স্থানীয় মসজিদে তাবারক বিতরণকে কেন্দ্র করে ঝগড়ার পর মাসুক (২৮) নামে এক যুবকে হত্যা করেছে তার প্রতিবেশিরা। গত রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এতে মাসুকের বড় ভাই জালাল আহত হয়েছে। মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার শবে-বরাতের রাতে স্থানীয় মসজিদে তাবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের বিরোধ সৃষ্টি হয। এ নিয়ে রোববার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগি মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর করে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি, ঘটনার বিষয়ে এখনো বিস্তরিত কিছু জানা যায়নি।
পটুয়াখালীতে নিখোঁজ অধ্যাপিকার লাশ উদ্ধার : নিখোঁজের ৩৬ ঘন্টা পর পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যাপিকা মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে শহরতলীর ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচন্না খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পটুয়াখালী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
পারিবারিক সুত্রে যানা যায়, ১৮ মার্চ ঢাকা থেকে চিকিৎসা শেষে লঞ্চে তার স্বামী ইসাহাক মোল্লার সাথে পটুয়াখালী আসেন। ১৯ মার্চ বিকালে শহরের সবুজবাগ ২নং লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম। অনেক খোজাখুজির পরে কোথায় খুজে না পেয়ে তার স্বামী পটুয়াখালী সদর থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানায়। ২ বছর আগে করোনায় তার ছেলের মৃত্যুর পর তিনি মানষিকভাবে অসুস্থ ছিলেন। ২০২০ সালে তিনি অবসর গ্রহন করেন। তার স্বামী মো. ইসাহাক মোল্লা পটুয়াখালী করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্য মো. মনিরুল ইসলাম জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এই বিষয় নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানায় একটি আপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
নওগাঁয় হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার : ১৮ ঘন্টা নিখোঁজের পর নওগাঁর মান্দায় একটি ভুট্টার ক্ষেত থেকে হাত-পা বাঁধা ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ইউসুফ আলী। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে বুড়ির বিল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঠোরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানায়, রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।