শতভাগ বিদ্যুতায়নের নামে সরকার মিথ্যা কথা প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের যে ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা সঠিক নয়। সরকার এটি করতে পারেনি।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওয়াদা অনুযায়ী দেশের প্রতিটি ঘর আলোকিত করা হয়েছে।’
‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। পরবর্তীকালে খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিবার এই দল ক্ষমতায় এসেছে জনগণের ভালোবাসা নিয়ে।’
মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ মন্ত্রীরা বলছেন এখনো নাকি দাম সহনীয় পর্যায়ে আছে, আয় বেড়েছে। অর্থনীতিতে প্রকৃত আয় বলে একটা কথা আছে, সেই প্রকৃত আয় মানুষের একটুও বাড়েনি; বরং কমেছে। গত রবিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটা প্রেস কনফারেন্স করে বলেছে, সরকার মিথ্যা তথ্য দিচ্ছে। প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি হাজী আবুল হোসেন, সহসভাপতি মোকসেদ আলী মঙ্গলীয়া, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।